খাগড়াছড়িতে গণধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

ত্রিপন জয় ত্রিপুরা, প্রতিনিধি খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া এলাকায় এক আদিবাসী শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে খাগড়াছড়ি পৌর এলাকায় পাহাড়ী ছাত্র পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিক সমাজ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে জেলার শাপলা চত্বর মুক্ত মঞ্চের সামনে সমাবেশ করেন।
তারা ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “এ ধরনের বর্বর ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নয়, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত। আমরা এর বিচার চাই, এবং চাই প্রশাসনের কার্যকর পদক্ষেপ।”

ঘটনার বিবরণীতে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি শিক্ষার্থীকে গণধর্ষণ এবং হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় উৎসবে অংশ নিতে গিয়ে রাতে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময়ে রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন স্থানীয় যুবক পরিকল্পিতভাবে ওই বাড়িতে প্রবেশ করে শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে এবং হত্যার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত।
এরা এ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।
এই নৃশংস ঘটনার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার সচেতন নাগরিক সমাজ, পাহাড়ি সংগঠন, নারী অধিকারকর্মী এবং শিক্ষার্থী সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছে।তারা নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করেছেন,অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা হোক।
ভূক্তভোগী শিক্ষার্থীর মানসিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হোক। পার্বত্য চট্টগ্রামে নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হোক।

সমাবেশে বক্তৃতা করেন পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, “পাহাড়ে বসবাসরত আদিবাসী নারীরা বারবার নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ বিচারপ্রক্রিয়া ধীরগতির। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকদের বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত করো’ এমন নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে স্লোগান দেন।

বিক্ষোভ শেষে প্রশাসনের কাছে দ্রুত বিচার, ক্ষতিপূরণ এবং পাহাড়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img