বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিক মূল্যবোধকে এক সুতোয় গেঁথে তুলে ধরা হলে যে কয়েকটি নাম স্বাভাবিকভাবেই উঠে আসে, তাঁদের অন্যতম একজন মহীয়সী নারী সৈয়দা হোসনে আরা বেগম। তিনি শুধু এক নবাব পরিবারের গর্বিত সদস্যই নন, বরং ছিলেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব—যার জীবনদর্শন, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি অফুরন্ত মমত্ববোধ তাঁকে দিয়েছে অনন্য উচ্চতা। নবাব সিরাজউদ্দৌলার ঐতিহ্যবাহী পরিবারের সঙ্গে যুক্ত এই মর্যাদাবাহী নারী তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে রেখে গেছেন মানবিকতার দীপ্ত স্বাক্ষর।
প্রতিবছর ১০ জানুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী স্মরণের মুহূর্তে পরিবার, স্বজন ও শ্রদ্ধাভাজন মানুষের হৃদয়ে নতুন করে উন্মোচিত হয় তাঁর মানবিকতা, অটল ধর্মবিশ্বাস এবং দেশের প্রতি গভীর অনুরাগের স্মৃতিচিত্র।
জন্ম, পরিবার ও বংশগৌরব :
মহীয়সী এই নারীর জন্ম ১৯ মার্চ। তিনি ছিলেন পিতা ডাক্তার সৈয়দ নাসির আলী মির্জা ও মাতা গুলশান আরা বেগমের স্নেহ ও মমতায় লালিত এক মহানুভব কন্যা। পরবর্তীতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রকৌশলী এস. জি. মোস্তাফার সঙ্গে, যিনি নবাব সিরাজউদ্দৌলার অষ্টম প্রজন্মের বংশধর। এই শুভসূত্রেই তিনি যুক্ত হন বাংলার ইতিহাস-ঐতিহ্যের অন্যতম গর্ব নবাব সিরাজউদ্দৌলার বংশের সঙ্গে। পরিবারের সম্মান, মর্যাদা ও নবাবী ঐতিহ্যের মহিমা তিনি শুধু বহনই করেননি, বরং তা হৃদয়ে গভীরভাবে লালন করে আজীবন উদাহরণ সৃষ্টি করে গেছেন।
তাঁর জীবনের সবচেয়ে প্রিয় আশ্রয় ছিল তাঁর পরিবার, আর সবচেয়ে নিবিড় ভালোবাসার কেন্দ্র ছিলেন তাঁর সন্তানরা। বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলা পরিবারের নবম প্রজন্মের প্রতিনিধি নবাবজাদা সৈয়দ গোলাম আব্বাস আরেব ( আলি আব্বাসউদ্দৌলা ) ছিলেন তাঁর গভীর গৌরব ও অকৃত্রিম স্নেহের প্রতীক। সততা, ন্যায়, সাহস, নৈতিক দৃঢ়তা ও দেশপ্রেমের মতো মহান মূল্যবোধ দিয়ে তিনি যেমন সন্তানকে গড়ে তুলেছেন, তেমনি পরিবারের নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন এক জীবন্ত অনুপ্রেরণা—নৈতিকতা ও মানবিকতার আলোকবর্তিকা।
ধর্মচর্চা, আধ্যাত্মিকতা ও মানবিক সেবাধর্ম :
মহীয়সী নারী সৈয়দা হোসনে আরা বেগমের জীবন যাপন ছিল ধর্মভিত্তিক মূল্যবোধের উপর দাঁড়ানো। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন—মানুষের কল্যাণ নিহিত সত্যে, ন্যায়ে ও সৎপথে। তাই তিনি সারাজীবন সত্যবাদিতা ও সৎচরিত্রের উপর প্রতিষ্ঠিত জীবন ধারণের শিক্ষা দিয়ে গেছেন।
তিনি ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ। প্রতিদিন ফজরের নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, আধ্যাত্মিক সাধনা—এসব ছিল তাঁর জীবনের নিয়মিত অনুষঙ্গ। তিনি ছিলেন মহানবী (সা.), হযরত ফাতিমা (আ.) ও আহলেবাইতের শিক্ষা ও জীবনাদর্শের একজন নিষ্ঠাবান অনুসারী। প্রায় সারা বছর রোজা রাখা, গরিব-দুঃখীদের সহায়তা করা, ধর্মীয় দায়িত্ব পালন—এসবই তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল।
তিনি বিশ্বাস করতেন, ইবাদত কেবল ব্যক্তিগত অনুশীলন নয়—এটি মানবিক দায়িত্ববোধ, নৈতিক শক্তি ও দায়িত্বশীল জীবনেরও পথপ্রদর্শক। তাই নিজের পরিবার-পরিজনের পাশাপাশি প্রতিবেশী দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের প্রতিও ছিল তাঁর বিশেষ সহমর্মিতা। আলেম-উলামাদের সহায়তা করা, দান-খয়রাত করা, মানবসেবায় নিজেকে উৎসর্গ করা ছিল তাঁর জীবনের স্বাভাবিক অভ্যাস।
ঐতিহ্য রক্ষায় দৃঢ় অবস্থান :
নবাব সিরাজউদ্দৌলা পরিবারের বংশীয় ঐতিহ্য শুধু ইতিহাসের অংশ নয়—এটি এক মূল্যবোধ, দায়বদ্ধতা এবং আত্মমর্যাদার প্রতীক। সৈয়দা হোসনে আরা বেগম অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেই ঐতিহ্যকে ধারণ করেছেন। পরিবারের নবাবী ঐতিহ্য, আভিজাত্য, নৈতিকতা ও সামাজিক মর্যাদা রক্ষায় তিনি ছিলেন অত্যন্ত সচেতন।
বিদেশভ্রমণের সুযোগ পেলেও তিনি প্রথমেই গেছেন বাংলার বীর নবাব আলিবর্দী খান এবং দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার পবিত্র স্মৃতিধন্য মাজার প্রাঙ্গণ—বাংলার “মদিনা মসজিদ” খ্যাত মুর্শিদাবাদের পবিত্র স্থাপনা ও খোসবাগ জিয়ারতে। তাঁর এই সফর কেবল ইতিহাসের প্রতি শ্রদ্ধা নয়, বরং ঐতিহ্যের প্রতি গভীর দায়িত্ববোধেরও বহিঃপ্রকাশ ছিল।
পরিবার, আধ্যাত্মিক জীবন ও ব্যক্তিত্বের মহিমা :
মেয়ে, স্ত্রী ও মা—এই তিনটি ভূমিকায় তিনি ছিলেন সম্পূর্ণ সফল ও আস্থাভাজন। শালীনতা, নৈতিকতা, প্রজ্ঞা ও হাস্যোজ্জ্বল আচরণ তাঁকে পরিণত করেছিল পরিবারের অকৃত্রিম আশ্রয়স্থলে। নতুন প্রজন্মের সদস্যরা তাকে “বেগম আম্মা” বলে ডাকতেন; শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর আস্থা দিয়ে তাঁকে মর্যাদার উচ্চ আসনে রাখতেন। ধর্মীয় সামাজিক ও নানা আয়োজনে মানুষ তাঁর দোয়া নিতে দূর-দূরান্ত থেকে আসতেন।
অবসরে তিনি পশুপাখি, ফল ও ফুলের বাগানের পরিচর্যায় নিজেকে ব্যস্ত রাখতেন। প্রকৃতির সঙ্গে তাঁর এই গভীর বন্ধন তাঁকে আরও সংবেদনশীল, আরও মানবিক করে তুলেছিল।
জীবনের শেষ অধ্যায় ও অম্লান স্মৃতি :
কে জানতো, ২০০১ সালের ১০ জানুয়ারি হবে তাঁর জীবনের শেষ দিন। তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি থেকেছেন আল্লাহর স্মরণে, ইবাদতে, মানুষের কল্যাণকামনায়। আজও বহু মানুষ তাঁর কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে মাগফেরাত কামনা করেন। স্মৃতির পাতায়, ভালোবাসার গভীরতায় তিনি এখনো বেঁচে আছেন।
বাংলার এই মহীয়সী নারী সৈয়দা হোসনে আরা বেগমের সততা, ত্যাগ, নৈতিকতা, দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ এবং অসাধারণ মানবিকতার আলোকচ্ছটা বাংলাদেশের ইতিহাস ও মানুষের হৃদয়ে দীর্ঘকাল উজ্জ্বল হয়ে থাকবে। বাংলার নবাব পরিবারের মর্যাদাবাহী এই মহীয়সী নারী জীবনের লোভ–লালসা উপেক্ষা করে যে নিষ্ঠা, নির্লোভ সেবা ও নৈতিকতার আদর্শ স্থাপন করেছেন—তা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
লাল-সবুজের বাংলাপক্ষ থেকে নবাব সিরাজউদ্দৌলার সহধর্মিনী বঙ্গ সম্রাজ্ঞী বেগম লুৎফুন্নিসার প্রতিচ্ছবি এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।




