নিউজ ডেস্ক: চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে সাত খুনের ঘটনাকে ‘ডাকাতি’ হিসেবে দেখছে না পুলিশ; সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় কিছুটা রহস্য তৈরি হয়েছে এ ঘটনায়।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, এর পেছনে ‘ভিন্ন কোনো’ কারণ থাকতে পারে।
তারা বলছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক।
সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন।
রাতে এক প্রশ্নের জবাবে মুশফিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না। কারণ, ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত। কিন্তু কোনো কিছু খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন, তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে।
“যারা কর্মচারী তারা দরিদ্র মানুষ। তাদের কাছে খুব বেশি টাকা-পয়সা থাকার কথা না। জাহাজের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সার। সেই সার যেভাবে ছিল, সেভাবেই আছে। অনেক সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেটিও ঘটেনি। জাহাজের তো অনেক দাম।”
তাহলে কী কারণে খুনিরা জাহাজে এসেছিল এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, “দেখুন, এটা একটা নৃশংসতম হত্যাকাণ্ড। ডাকাতির ব্যাপারে সাধারণ যে ধারণা, সেটা এখানে হয়নি। প্রতিটি কক্ষে কক্ষে ঢুকে প্রত্যেককে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কারো গলা কেটেছে। সাধারণ ডাকাত হলে তো, মালামাল নিয়ে চলে যেত।
“হতে পারে, যে আগে থেকে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতাবশত এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্বও হতে পারে। তবে, যাই কিছু হোক, তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে। তার আগে, সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে, এটা ডাকাতি মনে হচ্ছে না।”
সোমবার বিকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত আরো তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। একজনের নাম জানা যায়নি।
গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে অ্যাম্বুলেন্সে করে জুয়েল রানা (২৩) নামে এক সুকানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শ্বাসনালী কেটে গেছে। তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, “এখানে আমরা মোট আটজনকে পেয়েছি। এর মধ্যে পাঁচজন মৃত ছিল। তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার একটি অস্ত্রোপচার হয়েছে। সেটা সফল হয়েছে।”
তবে জুয়েলের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। যেহেতু তার শ্বাসনালী কেটে গেছে ফলে তিনি কথা বলতে পারছেন না। তবে তিনি কাগজে নিজের নাম এবং জাহাজে তারা আটজন ছিলেন সেটা লিখে পুলিশকে জানিয়েছেন।
জুয়েল রানা একটু সুস্থ হলেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানান পুলিশ সুপার।
লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল করিম রঞ্জু বলেন, ইউরিয়া সার বোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিসিআইসির ডিপোতে যাবার কথা ছিল।
ঘটনাস্থল ঘুরে দেখার পর চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “আহত একজন হাতের ইশারায় জানিয়েছেন, জাহাজে তারা আটজন ছিলেন। ঘটনাটি কীভাবে ঘটেছে, এই মুহূর্তে বলা যাচ্ছে না।
“ডাকাতি কিংবা অন্য কোনো কারণে হতে পারে। তদন্ত করার পরে জানা যাবে। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কথা বলেছি। কারণ এই রুটে পণ্যবাহী জাহাজ চলাচল করে।”-বিডিনিউজ২৪




