পটিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ইলিয়াছ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন শাহাব উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জামাল হোসেন, রেঞ্জ কর্মকর্তা এমদাদ হোসেন, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ।

আরো বক্তব্য রাখেন, যুবদল নেতা গাজী মো. মনির, আবছার উদ্দিন, মফিজুর রহমান, বুলবুল আহম্মদ নান্নু, আবুল হোসেন, মিজানুর রহমান, আলমগীর আলম, জাহেদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই, জয়নাল আবেদীন, মৎস্য চাষি সাজ্জাদুল আলম সেলিম, মো. আবছার ও ইদ্রিস।

অনুষ্টানে ৩ জন মৎস্য চাষীকে মাছ চাষে সফলতার স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন- দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের মো. আবছার উদ্দিন, শোভনদন্ডী ইউনিয়নের মো. লোকমান ও কুসুমপুরা ইউনিয়নের ⁠মো. এনামুল করিম।

সভায় বক্তারা বলেন, মাছ শুধু পুষ্টির যোগানই নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম ভরসা। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত অগ্রণী ভূমিকা রাখছে। তারা বলেন, সরকারের ঘোষিত ‘অভয়াশ্রম গড়ে তুলে,
দেশী মাছে দেশ ভরি’, এ প্রতিপাদ্যে প্রতিটি পরিবার ও উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। এর আগে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত ও বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়।

পুরস্কার প্রাপ্তরা সম্মাননা গ্রহণ শেষে বলেন, এ স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে। আগামী দিনে নতুন উদ্যোক্তাদের সাথে নিয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তারা।

এদিকে, পটিয়া উপজেলার মৎস্য খাত দিন দিন শক্ত অবস্থান তৈরি করছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ অঞ্চলের নদী, খাল, পুকুর ও জলাশয়ে প্রতিবছর প্রায় ৬-৭ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও বিভিন্ন দেশি মাছের আধিক্য বেশি। এছাড়া স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি পটিয়ার মাছ চট্টগ্রাম নগরীর বড় বাজারেও সরবরাহ হয়। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে উৎপাদন ক্রমেই বাড়ছে। বিশেষ করে উপজেলা মৎস্য দপ্তরের প্রশিক্ষণ, পোনা বিতরণ ও সহায়তা চাষীদের উদ্বুদ্ধ করছে।

সরকারি হিসাব অনুযায়ী, পটিয়ার মৎস্য খাত স্থানীয় অর্থনীতির বড় চালিকা শক্তি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ খাতকে আরও সম্প্রসারিত করতে হলে খাল পুনঃখনন, পোনা সরবরাহ বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img