চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ২২টি বসত ঘর। এতে নিঃস্ব হয়ে গেছে ২২টি দরিদ্র জেলে পরিবার। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার মত।
রবিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে স্বপন সরদারের বাড়ির বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ২২টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো স্বপন,স্বদেশ, সুভাস, শ্যামল, শিবু, দীপু, রানা, তপন, মন্না, রিপু, ইমন, শংকর, সুব্রত, মিলন, সুবল, রুবেল, গণেশ, খোকন, রিশু, কৃষ্ণা, বাবলা এবং শাপলার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা জয় দাশ বলেন, জেলে পাড়ায় ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে।
পুড়ে যাওয়া এক ঘরের মালিক সুমন বলেন, আমাদের মাথা গুজার শেষ আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আমাদের রাত কাটাতে হবে।
এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবার গুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে এবং পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় স্থানীয় প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।




