খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলার পর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে সেনাবাহিনীর সহায়তায় ভাইবোন ছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সাদ্দাম হোসেন, এনায়েত, সাকিব আলম ও আরমান হোসেন।
পুলিশ জানায়, গতরাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করার পর রাতেই অভিযানে নামে পুলিশ। এজাহার নামীয় ৬ আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গেল ২৭ জুন রথ উৎসব শেষে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি না ফিরে ভাইবোনছড়া বাজারের পাশে চাটান বাড়িতে যায় ভিকটিম। সে বাড়িতে রাতে ভিকটিমের ও তার চাচাকে জিম্মি করে সংঘবদ্ধ ভাবে পাশবিক নির্যাতন চালানো হয়। পরের দিন বাড়ি ফিরে গেলেও মানসিক যন্ত্রণায় আত্মহত্যার চেষ্টা করে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে আইনী প্রক্রিয়া শুরু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, মামলা গ্রহণের সাথে সাথে তড়িৎ ব্যবস্থা নিয়ে সেনাবাহিনীর সহায়তায় এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।




