পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পার্বত্য ফল উৎসব ও মেলা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বেইলি রোডে পার্বত্য কমপ্লেক্সে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক,খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সহ অন্যরা। মেলার উদ্বোধন শেষে উপদেষ্টা,সচিব ও তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সহ অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এখানে তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা থেকে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য, ফল ও শস্য এবং নানা খাবারের প্রদর্শনী থাকছে। আগামী ৫ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। মেলা শুরু হবে সকাল ১০টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স-এর সামনে বেলুন স্থাপন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত থাকছে পার্বত্য তিন জেলার ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




