বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, তিনি গতকাল রাতে ক্লাবের একটি কক্ষে রাত্রিযাপনের জন্য উঠেছিলেন। আজ সকালে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় রুমের দরজা ভেঙে ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
এম হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। চাকরি থেকে অবসরের পর তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের একটি মামলায় সাবেক এই সেনাপ্রধানকে কারাগারেও যেতে হয়েছিল।




