চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আগামী ৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হবে।

৭ জুলাই থেকে ড্রাইডক এনসিটিতে অপারেশন শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। এ লক্ষ্যে শিগগির উভয় পক্ষের মধ্যে চুক্তি হবে। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছে।

জানা যায়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামত প্রতিষ্ঠান। এটি আগে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন একটি প্রতিষ্ঠান ছিল। চট্টগ্রাম বন্দরে জাহাজ মেরামত এবং সেবাদানের জন্য এটি নির্মিত হয়েছিল। ২০১৪ সালে এই ডকটি প্রথম পণ্যবাহী জাহাজ নির্মাণ শুরু করে। ২০১৫ সালে এটি সিলেট শহরের জন্য ছয়টি পায়েহাঁটা সেতু নির্মাণ করে।

বুধবার ঢাকার সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য নৌবাহিনীকে দেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর পরই বুধবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নৌবাহিনীকে বন্দরের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img