সংগৃহীত ছবি
আলোচিত যুব মহিলা লীগের নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১ মার্চ) দুপুরে তাকে আদালতে তোলে পুলিশ। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর দলীয় নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দেশব্যাপী ভাইরাল হন তিনি।
সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডিতে আবহানী খেলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, আবহানী মাঠের পাশে সড়কে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়। তখন উম্মে হানি সেতুকে পেয়ে তাকেও তল্লাশি করা হয়। এসময় তার মোবাইল থেকে কিছু তথ্য পাওয়া যায়। তখন জানা যায়, তিনি যুব মহিলা লীগের নেত্রী।
ওসি আরও বলেন, তবে তিনি জিজ্ঞাসাবাদে জানান যে, তিনি এখন আর রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার সংসার চলে না। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, তিনি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। পরে তাকে আমরা থানায় নিয়ে আসি।
ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি জানান, উম্মে হানি সেতুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি যেন বিদেশ না যেতে পারেন এই ব্যবস্থাও নেওয়া আছে।
উম্মে হানি সেতু আওয়ামী সরকার পতনের পর দলীয় একটি ফেসবুক গ্রুপে সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এর অডিও রেকর্ড গণমাধ্যমে প্রকাশ হয়। তখন ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তৈরি করে।




