বিনোদন ডেস্ক: অকালেই চলে গেলেন ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী। শাহবাজ সানীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চারিদিকে।
রোববার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন অভিনেতা শাহবাজ সানী।
এ বিষয়ে নাট্যনির্মাতা তুহিন হোসেন গণমাধ্যমকে জানান, “সানির হাই প্রেসার ছিল। রোববার রাতে হুট করে সে অস্থিরতা প্রকাশ করে; বমি করে। হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের নেওয়ার আধা ঘণ্টার মধ্যে সানি মারা যায়। কী কারণে মারা গিয়েছে জানতে চাইলে ডাক্তার বলেছেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। ’”
শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।




