খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বিভুরঞ্জন। কোথাও সন্ধান না পেয়ে ওই রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
পরে জানা যায়, নিখোঁজের আগে একটি অনলাইন পোর্টালকে মেইল করা খোলা চিঠিতে প্রবীণ এ সাংবাদিক পারিবারিক ও পেশাগত নানা সীমাবদ্ধতার কথা জানান। এতে তিনি নিজের ও ছেলের অসুস্থতা, মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ‘ফেল করা’, বুয়েটে থেকে পাস করা ছেলের ‘চাকরি না হওয়া’ এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা লিখেছেন। সবশেষ একটা কলাম প্রকাশ নিয়ে চাপের কথাও বলেছেন তিনি। এ চিঠি পড়ে অনেকের মনে প্রবলভাবে দাগ কেটেছে।
ফেসবুকে তার দীর্ঘ দিনের সহকর্মীরা হৃদয়গ্রাহী স্মৃতিচারণ করছেন। এছাড়াও অনেক সাধারণ মানুষও তার মৃত্যু নিয়ে বেদনাদায়ক প্রতিক্রিয়া জানাচ্ছেন।




