চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তোফায়েল আহমেদ (৩২)। তিনি নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্ট মেট্রো-১৭-২৭-৫২ নাম্বারের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্লোপে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




