স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ৮ম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত জয়নাল আবেদীনের স্ত্রী রিমা আক্তার এবং তার দুই সহযোগী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুম।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদীন ওরফে কালা মিয়াকে তার ঘরে জবাই করে হত্যা করা হয়।

পরে শরীরের বিভিন্ন অংশ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন ভোরে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। জয়নাল চট্টগ্রাম নগরের হালিশহরে ফলের ব্যবসা করতেন।

নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ জয়নালের স্ত্রী রিমা আক্তার, সহায়তাকারী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

২০২৩ সালের ১১ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসার উদ্দিন বলেন, বিচারক ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img