পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইনের প্রচলিত নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্ক সংগঠনের উদ্যোগে খাগড়াছড়ি সদর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্ক সম্মেলন-২০২৫।
রবিবার ১৬ ফেব্রুয়ারী সকালে খাগড়াছড়ি সদর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্ক (সিএইচটি) সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হেডম্যান জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন কার্বারি হেডম্যানরা হচ্ছে এই পাহাড়ের প্রাণ। তারা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন গ্রামে বসবাস করার কারণে গ্রামের বিচার-আচার সামাজিক সমস্যাগুলো খুব কৌশলে সমাধানের চেষ্টা করে। গ্রামের সহজ সরল অসহায় মানুষগুলো একমাত্র অবলম্বন হচ্ছে এই গ্রামের কার্বারি হেডম্যান সমাজ। তাই এই প্রথাগত নিয়মকে আরো বেশি বেগবান করার জন্য তিনি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং তাদের সমস্ত ভালো কাজের সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে চাকমা সার্কেলের প্রধান চীফ রাজা দেবাশীষ রায় বলেন, আমাদের সমাজে এখন অনেক কুসংস্কার রয়েছে, বিশেষ করে নারীদেরকে এভাবে চলতে হবে সেভাবে চলতে হবে ইত্যাদি তিনি নারীদের পিতৃ সম্পত্তি লাভের অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ জন্য নারী পুরুষ একই পিতার সন্তান সে ক্ষেত্রে সম্পত্তি লাভের অধিকার সমান দাবি রয়েছে বলেও উল্লেখ করেন।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি মং সার্কেল চীফ স্ত্রী রানী উখেংচিং মারমা, আঞ্চলিক পরিষদের সদস্য রত্তোৎপল ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক শেফালীকা ত্রিপুরা, এন আর ডি উপ-পরিচালক রওশন জাহান, নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসাসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন নারী হেডম্যান কারবারি ও নানান শ্রেণী পেশার লোকজন।




